Main Menu

সিলেটে ‘নির্যাতনে গৃহবধূর মৃত্যু’, স্বামী-দেবর পলাতক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানাধীন জালালপুর এলাকায় স্বামী ও স্বামীর পরিবারের সদস্যদের নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া শিল্পী বেগম (২৬) নামের ওই গৃহবধূর স্বামীর বাড়ি জালালপুর এলাকার হাসামপুরে। শিল্পীর স্বামী আব্দুর রফিক (৩৫) হাসামপুর গ্রামের ইশাদ আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শিল্পী বেগম স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেন। অভিযোগ রয়েছে- মঙ্গলবার সকালে যৌতুকের জন্য তাকে নির্যাতন করেন স্বামী-দেবর ও স্বামীর বাড়ির লোকজন।

খবর পেয়ে বিকাল ৩টার দিকে মোগলাবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রফিকের সঙ্গে প্রায় ৭ বছর আগে সিলেটের কুচাই এলাকার মৃত কুটন মিয়ার মেয়ে শিল্পী বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজন শিল্পীর উপর নির্যাতন চালাতে থাকে। সর্বশেষ মঙ্গলবার সকালে স্বামী রফিক ও তার পরিবারের সদস্যরা ২ লাখ টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আসার জন্য শিল্পীকে মারধর করতে থাকে। স্বামী রফিক শিল্পীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে শিল্পী গুরুতর আহত হয়ে পড়লে রফিক ফোন দিয়ে স্ত্রীর বোন ফাতেমাকে শিল্পীর অসুস্থ হয়ে পড়ার কথা বলে। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শিল্পী।

এ বিষয়ে মোগলাবাজার থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন মৃত গৃহবধূর মা-বোন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকে শিল্পীর স্বামী ও দেবরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Share





Related News

Comments are Closed