Main Menu

সাংবাদিক জেড এম শামসুল আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিনিয়র সাংবাদিক ও দৈনিক কাজিরবাজারের সিনিয়র রিপোর্টার জেড এম শামসুল আর নেই। সোমবার ভোর সোয়া ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, তাঁর মৃত্যু সংবাদ শুনে সাংবাদিক ইকবাল সিদ্দিকী, ইকরামুল কবীর, আব্দুর রশিদ মো. রেনু, মোহাম্মদ সিরাজুল ইসলাম, কাউসার চৌধুরী, দৈনিক কাজিরবাজারের সম্পাদকমন্ডলীর সভাপতি আফছর উদ্দিন, বার্তা সম্পাদক সোয়েব বাসিতসহ সহকর্মীরা হাসপাতালে ছুটে যান। পরে তাঁর মরদেহ জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামে মরহুমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ এশা খলাছড়া গ্রামে নামাজে জানাজা শেষে তার মায়ের কবরের পাশে দাফন করা হয় বলে মরহুমের ছেলে সিফাতুল হক জানিয়েছেন।

১৯৫৯ সালের ৭ জুলাই জকিগঞ্জের খলাছড়া গ্রামে জন্মগ্রহণ করেন জেড এম শামসুল। দৈনিক কাজিরবাজার পত্রিকার শুরু থেকে ওই পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন তিনি।

সিলেট জেলা বিএনপির শোক

সিলেটের সিনিয়র সাংবাদিক জেড এম শামসুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, সিনিয়র সাংবাদিক জেড এম শামসুল ইসলাম ছিলেন সদালাপী ও বিনয়ী ব্যক্তিত্ব। সিলেটের রাজনীতিবিদসহ সকল মহলের কাছে তিনি ছিলেন গ্রহনযোগ্য ব্যক্তিত্ব। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

Share





Related News

Comments are Closed