Main Menu

শিক্ষার্থীদের বুঝিয়ে সমস্যার সমাধান করুন: পরিকল্পনামন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: আলোচনা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সিলেটের একটি অনুষ্ঠানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই বয়সে শিক্ষার্থীদের একটু উত্তেজনা থাকতেই পারে। একটু সময় দিয়ে, বুঝিয়ে, তাদের সঙ্গে কাজ করে সব সমাধান করতে হবে। কোনো হঠকারী বিষয় যেন তাদের ওপর চাপিয়ে না দেওয়া হয়। পরিস্থিতি ধৈর্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে। শাবির ঘটনায় যেন আগুনে ঘি না ঢালা হয়।’

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের পাঠানটুলা এলাকায় একটি মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) যে ঘটনা ঘটেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের ছেড়ে যেতে আমরা পারি না। তাদের মঙ্গল আমরা চাই। সুতরাং এই ব্যাপারে মুখোমুখি না হয়ে বসে আলোচনা করে সমাধান করা উচিত।’

মন্ত্রী বলেন, ইতোমধ্যে আমাদের সরকারের উচ্চ পর্যায় থেকে সমাধানের জন্য একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তারা খোঁজখবর নিচ্ছে। তা ছাড়া এই আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি সমাধানে খুবই আন্তরিক। সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করি।

এম এ মান্নান আরও বলেন, প্রতিক্রিয়াশীল দল সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু হলে আঙুল দেবে। তারা তো বাংলাদেশকে নিজের দেশ মনে করে না। তাদের ধারণা, বাংলাদেশ থেকে অন্য দেশ আরও উত্তম। কেউ কেউ অন্য দেশকে স্বর্গ মনে করে। প্রতিক্রিয়াশীল ও আধা প্রতিক্রিয়াশীল সুবিধাবাদী কিছু চক্র আছে, যারা নানাভাবে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজতেছে। তারা সুযোগ নেবে, এটাই রাজনীতির নিয়ম। তবে আমি উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন আমার শখ ও অভিলাষ। প্রতিক্রিয়াশীলদের মোকাবিলা করার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে।

অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

Share





Related News

Comments are Closed