Main Menu

নরসিংদীতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নবী হোসেন (৫০) ও অভিযুক্ত বড় ভাই আলী হোসেন। তারা কামারগাঁও গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, নবী হোসেনের সঙ্গে তার বড় ভাই আলী হোসেনের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে তাদের নিজ বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই নবী হোসেনের তল পেটে ছুরিকাঘাত করেন।

এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমা আক্তার বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, পারিবারিক কলহ ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। পুলিশ এটি নিয়ে কাজ করছে। বিস্তারিত পরে বলা যাবে।

 

Share





Related News

Comments are Closed