Main Menu

সিলেটে স্বপ্ন সুপারশপসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: এক ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্য পাওয়া যায় বলে সিলেটের মানুষ ঝুঁকছেন সুপারশপের দিকে। সেই সুযোগে সিলেটে স্বপ্ন সুপারশপ ভোক্তাদের সঙ্গে নিয়মিত চালিয়ে যাচ্ছে প্রতারণা।

ইতিপূর্বে একাধিকবার ‘অপরাধের দায়ে’ স্বপ্ন’র বিভিন্ন শাখাকে জরিমানা করা হলেও পাল্টায়নি এ সুপার শপ। বৃহস্পতিবারও অভিযান চালিয়ে সিলেট নগরীর পাঠানটুলা শাখাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী পাঠানটুলা, মদিনা মার্কেট ও আখালিয়া এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে পণ্যে দাম উল্লেখ না থাকা ও বিক্রয়কর্মীরা ড্রেস কোড না মানায় স্বপ্ন সুপারশপের পাঠানটুলা শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মদিনা মার্কেট এবং আখালিয়া এলাকার রেস্টুরেন্ট ও মোদি দোকানসহ আরও ৫টি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি আর অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ১৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, স্বপ্ন সুপারশপসহ মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে স্বপ্নকে কেকের মধ্যে দাম উল্লেখ না থাকা ও বিক্রয়কর্মীরা ড্রেস কোড না মানায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আরও ৫টি রেস্টুরেন্ট ও মোদি দোকানে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা হচ্ছিলো এবং অস্বাস্থ্যকর পরিবেশ ছিলো।

অভিযানে সহযোগিতা করেন সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) একদল সদস্য।

 

Share





Related News

Comments are Closed