Main Menu

ফ্রান্সে করোনার ভয়ংকর নতুন ধরন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যখন বিশ্বব্যাপী থাবা বসাতে শুরু করেছে ঠিক এমন সময়েই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানালেন আরেকটি দুঃসংবাদ। করোনার আরেকটি নতুন ধরন শনাক্ত হয়েছে ফ্রান্সে।

নতুন এই ভ্যারিয়েন্টটির বৈজ্ঞানিক নাম জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। আন্তর্জাতিক সংবাদ ফার পোস্ট জানিয়েছে, নতুন এই ভ্যারিয়েন্টটির নাম বি.ওয়ান.সিক্স ফোর জিরো.টু।বিজ্ঞানীরা এর সাধারণ নাম দিয়েছেন আইএইচইউ।

ফ্রান্সের মার্সাইলে ১২ জন রোগীর শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা গেছে। জনস্বাস্থ্যবিদরা জানিয়েছেন, প্রায় ৪৬ বার মিউটেশন হয়েছে এই ভ্যারিয়েন্টের। সেই সঙ্গে তারা আরও জানিয়েছেন, এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা রয়েছে।

মেডরিক্সভ নামক একটি গবেষণা জার্নালে পোস্ট করা গবেষণাপত্রে এই ভ্যারিয়েন্ট আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। গবেষকরা ওই গবেষণাপত্রে জানান, ১০ ডিসেম্বর এই ভ্যারিয়েন্ট আবিষ্কার করেন তারা।

এদিকে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই ফ্রান্সে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন অন্তত ১ লাখ ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরন সংসদকে বলেছেন, সত্যি করোনার বিশাল ঢেউ আঘাত করতে যাচ্ছে তবে আমরা আতঙ্কিত হব না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে আইএইচইউয়ের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এখনো বিস্তারিত তথ্য হাতে না এলেও নতুন এই রূপান্তরিত ধরনটি বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সের মহামারিবিদ এরিক ফিগল ডিং সম্প্রতি এক টুইটবার্তায় বলেন, ‘আমাদের শঙ্কার মূল কারণ হলো- মূল ভাইরাসটির ৪৬ দফা অভিযোজন বা রূপান্তরের (মিউটেশন) মাধ্যমে এটির আগমন ঘটেছে। একটি ভাইরাস যতবার মিউটেশনের মধ্যে দিয়ে যায় এবং টিকে থাকে, ততই এর শক্তি ও ক্ষমতা বাড়ে। ওমিক্রন, ডেল্টার ক্ষেত্রে আমরা এমনটা দেখেছি।’

এদিকে যুক্তরাষ্ট্র ২৪ ঘণ্টায় ১০ লাখের বেশি করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড গড়েছে। সোমবার (৩ জানুয়ারি) এই করোনা সুনামির কথা ঘোষণা করা হয়েছে। ব্লুমবার্গের খবর বলছে, করোনার নতুন ধরন ওমক্রিন এখন আমেরিকানদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে।

অতিসংক্রামক এই ধরনে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি। এর আগে বিশ্বের কোনো দেশে এত বিপুল সংখ্যক মানুষ একদিনে করোনায় আক্রান্ত হয়নি।

চারদিন আগে যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ ৯০ হাজার মানুষ মহামারিতে সংক্রমিত হয়েছিলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে দ্বিগুণ করোনা আক্রান্তের মাধ্যমে রেকর্ড গড়ল তারা।

 

Share





Related News

Comments are Closed