টঙ্গিতে র্যাবের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মৃত আসাদ শেখের স্বজনদের দাবি, শনিবার (১ জানুয়ারি) দুপুরে মাদক কারবারের অভিযোগ এনে বাসায় অভিযান চালায় র্যাব। এই সময় আসাদ শেখকে মারধর করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে মারা যান তিনি।
তবে র্যাবের দাবি, তল্লাশির সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসক বলেছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার।
গাজীপুরের টঙ্গী এরশাদ নগরের ৫ নম্বর ব্লকের একটি বাসায় দুই ছেলেমেয়ে নিয়ে বসবাস করতেন আসাদ শেখ। শনিবার দুপুরে র্যাবের ১০-১২ জনের একটি দল পুরো বাড়ি ঘিরে ফেলে। মাদক ব্যবসার অভিযোগে তল্লাশি শুরু করে তারা।
পরিবারের অভিযোগ, এ সময় আসাদ শেখকে পাশের ঘরে নিয়ে নির্যাতন করে র্যাব। বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় আসাদকে বের করা হয়।
প্রতিবেশীরা বলছেন, আসাদ একটি মোটর ওয়ার্কশপে মেকানিকের কাজ করতেন। মাদক ব্যবসার সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেননি প্রতিবেশীরা।
তবে র্যাব বলছে, আসাদ একজন মাদক ব্যবসায়ী, মাদক উদ্ধারে তার বাসায় গেলে র্যাব সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লে টঙ্গি জেনারেল হাসপাতালে নেওয়া তাকে। সেখানে তার মৃত্যু হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের দুজন গোয়েন্দা তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা কেনে। কেনার পর সে বলছে আরও ৫ হাজার পিস ইয়াবা দিতে পারবে। তারপর আমার দুজন গোয়েন্দা ভ্যানে করে তার সঙ্গে তার বাসায় যান। বাসায় যাওয়ার পরে এই লোক র্যাবের উপস্থিতি বুঝতে পারে, তখন সে মূলত ধস্তাধস্তি করে। আমারও দুজন লোক আহত হয়েছে। সে অসুস্থ অনুভব করার পর তাকে হাসপাতালে নিয়েছে। যখন সে হাসপাতালে গেছে, তখন সে ঠিক ছিল। সম্ভবত ২০ কিংবা ৩০ মিনিট পর সে মারা গেছে।
টঙ্গি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বদরুন্নেসা জানান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে আসাদের।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির আসাদ শেখ গত ১৫ বছর ধরে বসবাস করছিলেন এরশাদ নগরে।
সূত্র: সময় টিভি
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed