Main Menu

সুনামগঞ্জে ‘স্বপ্ন দেখে’ শিশু খুন, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসে দা দিয়ে কুপিয়ে বোন জামাইয়ের ভাগ্নে রিহান (৮) কে খুন করেছে তৌহিদ নামের এক যুবক। সোমবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

খুন হওয়া শিশু রিহান (৮) জামালগঞ্জ উপজেলার পূর্ব লক্ষীপুর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলা থেকে তৌহিদ (২৮) নামে এক যুবক ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে আকস্মিকভাবে ভগ্নিপতি হাবিব মিয়ার বোনের ছেলে ৮ বছরের শিশু রিহানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় ঘাতক তৌহিদকে আটক করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য ইমামুল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। সে গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী উপজেলা থেকে বোন জামাইর বাড়িতে বেড়াতে আসে। সে স্থানীয় বাজার থেকে একটি দা কিনে আনে। আর এই দা দিয়েই সে তার ভগ্নিপতির ভাগ্নেকে খুন করে।

খুনের কারণ হিসেবে তিনি জানান, হত্যা করার পর আটক করা হলে তৌহিদ জানিয়েছে প্রায়ই স্বপ্নে দেখে তাকে কে বা কারা দা দিয়ে তাড়া করে বেড়ায়। তাই আক্রমণ প্রতিহত করতে কিনে আনা দা’টি নিজের বালিশের নিচে রেখে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে জেগে তার সামনে শিশুটিকে আসতে দেখে দা দিয়ে অতর্কিত হামলা করে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed