বগুড়ায় প্লাস্টিক কারখানার আগুন, ৫ শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জন মারা গেছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর দুইটার দিকে নিহত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কারখানায় আগুন লাগার পর বগুড়া ও নওগাঁ ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করেছে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক এ কে এম মোরশেদ বলেন, ‘বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের কাছে সান্তাহারের একটি কারখায় আগুন লাগার খবর আসে। পরে সেখানে গিয়ে দেখেন বগুড়ার তিনটি গাড়ি সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এ সময় নওগাঁ থেকে আরও চারটিসহ আশপাশের উপজেলার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’
আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আর কেউ হতাহত হয়েছেন কি-না তাও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
আদমদীঘি উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ কর্মকর্তা রুহুল আমীন জানান, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুসহ কয়েকজন মিলে ওই পৌর এলাকার বশিপুর নামক স্থানে বিআইআরএস নামে প্লাস্টিকের ওই কারখানাটি গড়ে তোলেন। সেখানে প্লাস্টিক থেকে ওয়ানটাইম গ্লাস-প্লেট উৎপাদন করা হতো। কারখানাটিতে শতাধিক শ্রমিক কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে নেয়ার পর উদ্ধার অভিযান চলছে।
কারখানা মালিকদের পক্ষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, কারখানায় উৎপাদন চলাকালেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে তা ঘটলো সেটি নিশ্চিত হওয়া যায়নি। প্রায় ৩৫ কোটি টাকার যন্ত্রপাতি ছাড়াও উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল সবই পুড়ে গেছে। পুলিশ ও দমকল বাহিনী হতাহতদের উদ্ধার ও মালামাল সরিয়ে নেওয়ার কাজ করছেন বলেও জানান তিনি।
দমকল কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন নিয়ন্ত্রণের পর সঠিক কারণ জানা যাবে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed