Main Menu

ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২২

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড এবং ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাসিকের ১ নম্বর সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমান, হাসানুজ্জামান হিমেল, তৌফিকুল ইসলাম চাঁদ, মো. মহসিন, মো. সাইরুল, রজব, মো. মমিন ও আরিফুল ইসলাম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মাহাবুল হোসেন, সাত্তার, সাজ্জাদ হোসেন, বখতিয়ার আলম রানা ওরফে রংলাল, হাসান আলী, মাসুদ, রাসেল, রাজা, মর্তুজ, সুমন, আসাদুল, আখতারুল, জাইদুর রহমান, ফরমান আলী, জয়নাল আবেদিন, রাজু আহম্মেদ, আকবর আলী, সম্রাট হোসেন, লাল মোহাম্মদ ওরফে লালু, টিয়া আলম, আজাদ হোসেন ও মো. মাসুম। আসামিরা নগরীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

রায় ঘোষণাকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মমিন ও আরিফুল এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আজাদ ও মাসুম বাদে অন্যরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম। মামলার বিবরণে তিনি জানান, ২০১৩ সালের ২৮ আগস্ট নগরীর রাজপাড়া থানার গুড়িপাড়া এলাকার ক্লাব মোড়ে শাহিনকে আসামিরা কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে নিহতের ভাই নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন ২৯ আগস্ট রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। তদন্তের পর ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

তিনি আরও জানান, গত বছরের ১১ নভেম্বর আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। মামলায় ২৪ স্বাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য নেন আদালত। এরপর আদালত গত বছরের ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। কিন্তু দফায় দফায় রায় ঘোষণার দিন পিছিয়ে এক বছর পর আজ রায় দেওয়া হলো।

মামলার বিবরণে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই শাহিন শাহ ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন।

শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পর দিন মহানগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান সিটি করপোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

Share





Related News

Comments are Closed