Main Menu

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual5 Ad Code

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে এ সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা করবে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ যৌথসভায় দলের যুগ্ম-মহাসচিব, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

শায়রুল কবির বলেন, যৌথসভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।

অনুমান করা হচ্ছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা হবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকলেও তার মনোবল শক্ত আছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি এও বলেন, তার উন্নত চিকিৎসা কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানির মতো দেশগুলোতেই সম্ভব।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের সাজা বাতিল করে তাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের আদেশ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। সোমবার (২২ নভেম্বর) পাঠানো আবেদনের বিষয়টি মঙ্গলবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ ও অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে সাবেক একজন প্রধানমন্ত্রীকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের আদেশ দেওয়ার ক্ষমতা আপনার আছে। যে ক্ষমতা সংবিধান আপনাকে দিয়েছে। দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবন রক্ষায় সংবিধানের ৪৯ অনুচ্ছেদ প্রয়োগ করে বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে, বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণ করে বাঁচার সুযোগ দিন।

Manual7 Ad Code

এর আগে মঙ্গলবার সকালে সচিবালয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় আইনমন্ত্রী আনিসুল জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার মানবিকতা দেখাতে চায় তবে তা অবশ্যই আইনের মধ্যে থেকেই করতে হবে। স্মারকলিপি পর্যালোচনা করে পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা হবে।

এদিকে গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে আবার ঢাকায় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত থেকে নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয় তাকে। কয়েকদিন আগে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেন।

তার বোন সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার এখন বিদেশে চিকিৎসা প্রয়োজন- চিকিৎসকরা এ একটাই পরামর্শ দিচ্ছেন।

Manual6 Ad Code

৭৬ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী বহু বছর ধরে আর্থ্রারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার জন্য এর আগে টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা নেন খালেদা জিয়া।

এর আগে এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। পরে করোনা পরবর্তী জটিলতায় ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। সে সময় এক মাসের বেশি সময় হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হলে ১৯ জুন বাসায় ফেরেন।

পরে করোনার টিকা নিতে তিনি দু’দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান।

গত ১২ অক্টোবর খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দেয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ২৫ অক্টোবর শরীরের টিউমার ধরা পড়ায় খালেদা জিয়ার বায়োপসি করা হয়।

দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত চার বার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code