Main Menu

সিলেটে আটক দু’জন নেপালি নাগরিক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা থেকে দুই নেপালি নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে তাদেরকে আটক করা হয়। পুলিশ বলছে, আটককৃতরা অবৈধভাবে বাংলাদেশে এসেছেন।

শনিবার সিলেট মহানগর পুলিশ (এসএমপি) জানায়, জরুরি নম্বর ৯৯৯-এ কল পেয়ে কোতোয়ালী থানার একটি দল আম্বরখানা থেকে নেপালি নাগরিকদ্বয়কে আটক করে। আটককৃতরা হলেন- জয়া বাহাদুর কামি (৪৮) ও তার ছেলে শান বাহাদুর (১০)। তাঁরা নেপালের ৪নং ওয়ার্ডের আমচক ভোজপুরের বাসিন্দা।

তাদেরকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, কাজের সন্ধানে অজ্ঞাতনামা ভারতীয় নাগরিকের সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে গত ৩ নভেম্বর তারা বাংলাদেশে প্রবেশ করেন। তারা শনিবার সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতের গোয়াহাটিতে ফিরতে চেয়েছিলেন। এ উদ্দেশ্যেই তারা সিলেটে আসেন।

পুলিশ জানায়, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় জয়া বাহাদুর কামি পায়ে আঘাতপ্রাপ্ত হন। তারা দুজনই শারীরিকভাবে অসুস্থ। ফলে তাদেরকে পুলিশি প্রহরায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানিয়েছেন, নেপালি নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed