Main Menu

শাহ আরেফিন টিলায় দেয়াল ধসে শিশু নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় মক্তবের দেয়াল ধসে সেবুল মিয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ছায়ারুন নেছা (১১) নামে আরেক শিশু আহত হয়েছে।

মৃত সেবুল মিয়া উপজেলার দলইরগাঁও গ্রামের মখদ্দুছ আলীর ছেলে। সে তার মায়ের সাথে চিকাডহর গ্রামে থাকত এবং আহত ছায়ারুন নেছা জালিয়ারপাড় গ্রামের আব্দুল হাসিমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমা’র নামাজের সময় সেবুল মিয়া ও ছায়ারুন নেছা অব্যবহৃত মক্তবের পেছনের দেয়ালের পাশে বসা ছিল। এমন সময় জরাজীর্ণ মক্তবের দেয়াল ধসে শিশু দু’টির উপরে পড়লে গুরুতর আহত অবস্থায় সেবুল মিয়া ও ছায়ারুন নেছাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় সেবুল মিয়া মারা যায়। তার মাথায় দেয়ালের ইট পড়ে মারাত্মক জখম হয়েছিল।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কারো গাফিলতি থাকলে কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed