Main Menu

ওসমানী হাসপাতালে অবৈধ পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে অবৈধ পার্কিং ও অ্যাম্বুলেন্সের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে এক অভিযান চালানো হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে একটি বুলডোজার দিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথের ঠিক ডানপাশে একটি অবৈধ পার্কিং গুড়িয়ে দেওয়া হয়। একইসাথে অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়। এ সময় নির্দেশনা না মানায় একটি সিএনজি অটোরিকশা জব্দ করে আভিযানিক দল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘উচ্ছেদ অভিযান হয়েছে। কাউকে জরিমানা করা হয়নি।’

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথের ঠিক ডানপাশে দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিং গড়ে তুলে বিভিন্ন যানবাহন থেকে প্রতিদিন হাজার হাজার টাকা লুটে নিচ্ছিল একটি চক্র।

এছাড়া হাসপাতাল এলাকায় অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নিত্যদিনকার সমস্যা। হাসপাতালে আসা রোগীদের ভাগীয়ে নিতে চলে এসব অ্যাম্বুলেন্সের সাথে জড়িতদের অপতৎপরতা। মানুষকে জোর খাটিয়ে তাদের এ্যাম্বুলেন্স ভাড়া নিতে বাধ্য করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এমন বাস্তবতায় অবৈধ পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদের দাবি ছিল দীর্ঘদিনের।

Share





Related News

Comments are Closed