Main Menu

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে ৮দিন

প্রযুক্তি ডেস্ক: সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আট দিন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, প্রতিদিন সকালে (সকাল ৯টা ২৮ মিনিট থেকে ৯টা ৪৩ মিনিটের মধ্যে) এ সমস্যা হতে পারে।

বিএসসিএল ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

২৯ সেপ্টেম্বর ৫ মিনিট, ৩০ সেপ্টেম্বর ১০ মিনিট, ১ অক্টোবর ১৪ মিনিট, ২ অক্টোবর ১৫ মিনিট, ৩ অক্টোবর ১৫ মিনিট, ৪ অক্টোবর ১৪ মিনিট, ৫ অক্টোবর ১২ মিনিট ও ৬ অক্টোবর ১০ মিনিটের জন্য এই সমস্যা হতে পারে।

প্রাকৃতিক কারণে ঘটিত এ সাময়িক বিঘ্নের জন্য বিএসসিএলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

স্যাটেলাইট যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যখন স্যাটেলাইট, সূর্য ও আর্থ স্টেশন একই সমান্তরালে চলে আসে তখন সূর্যের প্রচণ্ড উত্তাপে একটি গোলমাল (নয়েজ) তৈরি হয়। একে বলা হয় থার্মাল নয়েজ। এর কারণে স্যাটেলাইট থেকে পৃথিবীতে সিগন্যাল পৌঁছাতে কিছুটা বাধাপ্রাপ্ত হয়- এ বিষয়কে বলা হয় সান আউটেজ।

এ বিষয়ে সময় টেলিভিশনের সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান কর্মকর্তা সালাউদ্দিন সেলিম জানান, ওই সময়ে স্যাটেলাইটের মাধ্যমে টিভি সম্প্রচার কিংবা ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে সেবা বিঘ্নিত হয়। এ রকমভাবে স্যাটেলাইট, সূর্য ও আর্থ স্টেশন একই সমান্তরালে ৫ থেকে সর্বোচ্চ ১৫ মিনিট পর্যন্ত অবস্থান করে থাকে। সাধারণত প্রতিটি কমিউনিকেশন স্যাটেলাইটের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বছরে দুইবার ঘটে থাকে, তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও হতে পারে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ১১ মে ২০১৮ সালের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ।

Share





Related News

Comments are Closed