Main Menu

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

পুলিশ জানায়, জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম মিয়াসহ ১০ জনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে নাশকতার পরিকল্পনা করে তারা।

চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল নুরুল আমিনের নেতৃত্বে গত ৬ সেপ্টেম্বর অজ্ঞাত স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করে। নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ‘হাটহাজারী উত্তর জনশক্তি’ নামক ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে এর পরের দিন ৭ সেপ্টেম্বর মুরাদপুর এলাকায় সমবেত হওয়ার জন্য সবাইকে নির্দেশ প্রদান করা হয়।

ওই নির্দেশ মতে সকাল ৮টায় মুরাদপুর রেলগেট এলাকায় থেকে ৮০ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী সমবেত হয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালান। এছাড়া রেললাইনসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করে তারা।

ওই সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়াসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইট ও পাটকেল নিক্ষেপ করে।

পরে বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে নগরীর পাঁচলাইশ ও চাঁন্দগাও থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের নামে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগর ছাত্রশিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং জামায়াত নিয়ন্ত্রিত প্রবাহ কোচিং সেন্টারের সহকারী নির্বাহী পরিচালক মিফতাহুল আলম (২৮), জামায়াত ইসলামের বায়তুল মাল বিষয়ক সম্পাদক মো. আবদুল কাইয়ুম (৫৫), মহানগর ছাত্রশিবিরের সাথী ইরফান ইউনুস (২৮), মহানগর জামায়াত ইসলামের সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ আলী (৪০), জামায়াতের কর্মী ইমরান আলী (৩৮), মো. দেলোয়ার ও আবু বক্কর সিদ্দিক।

Share





Related News

Comments are Closed