Main Menu

জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ ৯ নেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠকে তারা মিলিত হয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তাররা হলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, ইয়াসিন আরাফাত, আব্দুর রব, মোবারক হোসেন ও ইজ্জত উল্লাহ। এছাড়া বাকি পরিচয় জানা যায়নি।

এদিকে, দলের সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রটারিসহ নেতাকর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার রাতে দলটির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়। এতে অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জামায়াতের নিয়মিত কাজের অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর বিকেলে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক থেকে সরকার অন্যায়ভাবে জামায়াতের ৭ জন কেন্দ্রীয় নেতাসহ ১০ জনকে গ্রেফতার করে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে এখন এক বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সরকার দীর্ঘ এক যুগ ধরে জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। কোনো দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না। সরকারের সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে নির্যাতন চালানো হয়েছে। অনেককে গুম করা হয়েছে এবং পঙ্গু করে দেওয়া হয়েছে। শত জুলুম বুকে ধারণ করে জামায়াত নিয়মতান্ত্রিকভাবে তার স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে করোনা ভাইরাসের ১৮ মাসে জামায়াত জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার চেষ্টা করেছে।

Share





Related News

Comments are Closed