Main Menu

কানাইঘাটে মাছ ধরা নিয়ে হামলায় বৃদ্ধ নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রভাবশালী প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউপির লামা দলইকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত আলকাছ উদ্দিন (৫৫) লামা দলইকান্দি গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা আড়াইটার দিকে আলকাছ উদ্দিনের বাড়ির উত্তর পাশের একটি খালে আলকাছ উদ্দিনের ছেলে হাসান মাছ ধরতে গেলে পার্শ্ববর্তী বাড়ির ফয়জুল হকের পুত্র নাঈম উদ্দিন (৫০) ও তার চাচাতো ভাই রেজাউল (২০) মাছ ধরতে বাঁধা প্রদান করে। এতে আলকাছ উদ্দিন তার ছেলে হাসানকে মাছ না ধরার জন্য শাসন করলে প্রভাবশালী নাঈম উদ্দিন ও রেজাউল অহেতুকভাবে আলকাছ উদ্দিনের উপর চড়াও হয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে নাঈম উদ্দিন রুল দিয়ে আলকাছ উদ্দিনের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। একইসাথে রেজাউলও দেশীয় অস্ত্র দিয়ে আলকাছ উদ্দিনকে আঘাত করলে আলকাছ উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, ‘সংবাদ পেয়ে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম স্যারসহ আমি ঘটনাস্থলে গিয়েছি। নিহতের লাশ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Share





Related News

Comments are Closed