Main Menu

ছাতকে বাস-অটোরিকশা সংঘর্ষে যাত্রী নিহত

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাকির হোসের (২২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের আবদুল হান্নানের ছেলে।

দুর্ঘটনায় চালকসহ অটোরিকশার আরও ৫ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (২৯ আগস্ট) দুপুরে সিলেট-ছাতক সড়কের তকিপুর ও গড়গাঁও গ্রামের মধ্যখানে।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতকের কালারুকা বাজার থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে ৫জন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা চালক বায়জিদ আহমদ যাত্রা শুরু করে। ছাতক-সিলেট সড়কের গড়গাঁও ও তকিপুর গ্রামের মধ্যখানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী (আহাদ এন্ড মাইশা নিউ সউদিয়া স্পেশাল সার্ভিস বাস মৌলভীবাজার-জ-১১-০২০৬) বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার (সুনামগঞ্জ-থ-১১-০৯৮৫) যাত্রী ও চালকসহ ৬ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক আহত জাকিরকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর সড়কে বাস রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বাস চালক ও হেলপার।

ছাতক থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিএনজি অটো রিকশার এক যাত্রী মারা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় আটক আছে।

Share





Related News

Comments are Closed