Main Menu

জাপান থেকে আসছে আরো ৮ লাখ উপহারের টিকা

বৈশাখী নিউজ ডেস্ক: জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের এটি চতুর্থ চালান।

জাপানের স্থানীয় সময় শুক্রবার (২০ আগস্ট) রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আসছে এসব টিকা। শনিবার (২১ আগস্ট) বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বাংলাদেশে এ নিয়ে চার দফায় ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে জাপানের।

এর আগে জাপানের স্থানীয় সময় ২ আগস্ট রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা করে। তৃতীয় চালানের এই টিকা ৩ আগস্ট বিকেলে ঢাকায় পৌঁছায়।

তারও আগে ৩১ জুলাই দ্বিতীয় চালানে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমানযোগে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা আসে। আর গত ২৪ জুলাই প্রথম দফায় জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

Share





Related News

Comments are Closed