Main Menu

ত্রিশালে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালের বড়পুকুরপাড় এলাকায় দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় এলাকায় সকাল থেকেই সিমেন্ট বোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়ানো ছিল। শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলে নিহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। অন্যদিকে, আহত কয়েকজনের অবস্থা আশংকাজনক।

আহত অবস্থায় বাসের অন্তত ১৬ জন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল ও ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মজিবুর রহমান চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে হতাহতদের বাস কেটে উদ্ধার করে। বাসের অতিরিক্ত গতি ও চালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলেও জানান তিনি।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed