Main Menu

ডেঙ্গু: আরও ২১০ জন হাসপাতালে ভর্তি

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১০ জন।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত রোববার সকাল ৮টা থেকে সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২১০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়ে ১৮১ জন আর ঢাকার বাইরে আক্রান্ত হয়ে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ৯৩১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী রয়েছেন ৮৬৩ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী রয়েছে ৬৮ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর এখনও কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৭৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৩ হাজার ৮০৮ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে ১৪টি মৃত্যুর তথ্য পাওয়া গেলেও এখনও কোনো মৃত্যুই ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি আইইডিসিআর।

Share





Related News

Comments are Closed