Main Menu

ভোলাগঞ্জ দিয়ে ফের ভারত থেকে আসবে পাথর

বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে ফের ভারত থেকে পাথর আমদানি হবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে। বৃহস্পতিবার (৫ আগস্ট) থেকে এই আমদানি কার্যক্রম শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবদুর রউফ।

জানা গেছে, ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে প্রতি বছর ভারত থেকে বিপুল পরিমাণ পাথর ও চুনাপাথর আমদানি করা হয়। ভারতে খনি থেকে যান্ত্রিক পদ্ধতিতে ও মাইন বিস্ফোরণ ঘটিয়ে পাথর ও চুনাপাথর উত্তোলন করা হয়। বাংলাদেশের ব্যবসায়ীরা ভোলাগঞ্জসহ বিভিন্ন শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে সেসব পাথর ও চুনাপাথর আমদানি করেন।

মহামারি করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে পাথর রফতানি বন্ধ করে দেয় ভারত। গেল ১ মে থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা পাথর আমদানি করতে পারেননি।

তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে আগামিকাল বৃহস্পতিবার থেকে ফের আমদানি কার্যক্রম শুরু হচ্ছে।

ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবদুর রউফ জানান, মূলত ভারত ফের পাথর রফতানি শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সে দেশের রফতানিকারকেরা পাথর রফতানি ফের শুরু করতে চেয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের চিঠি দিয়েছেন। ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে কাস্টমসের সাথে কথা বলেছেন। এখন আমদানি শুরু হওয়ার অপেক্ষা।

Share





Related News

Comments are Closed