Main Menu

সংসদ সদস্য আলী আশরাফ মারা গেছেন

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ মারা গেছেন।

শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পর পর ৫ বার নির্বাচিত প্রবীণ এই সংসদ সদস্যের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে তার নির্বাচনী এলাকা চান্দিনাসহ কুমিল্লাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, আলী আশরাফকে গত ২ জুলাই পিত্তথলির পাথর অপারেশনের জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা সমস্যা দেখা দেয়। গত ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

১৯৪৭ সালে কুমিল্লার চান্দিনার গল্লাই গ্রামে আলী আশরাফের জন্ম। ১৯৬২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নরত অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করে রাজনীতির অঙ্গনে পা রাখেন।

১৯৭০-এর পাকিস্তান সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ‘মই’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে জয় না পেলেও ‘মাছ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৯৭৩ সালের প্রথম বাংলাদেশ জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হন।

পরবর্তী সময়ের প্রত্যেকটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো বিজয় লাভ করেন। ২০০০ সালে সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতির শোক

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, অধ্যাপক আলী আশরাফের পেশদারিত্ব এবং অভিজ্ঞতা সংসদীয় গণতন্ত্রের চর্চায় ইতিবাচক ভূমিকা রেখেছে। সরকারি প্রতিশ্রুতি এবং সরকারি হিসাব কমিটিসহ বিভিন্ন সংসদীয় কমিটি এবং সংসদীয় কার্যক্রমে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারাল। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি মরহুম অধ্যাপক আলী আশরাফের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর শোক

এদিকে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও জনমানুষের এই নেতার মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং দেশপ্রেমিক জননেতাকে হারালাম।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্পিকারের শোক

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শোক জানিয়েছেন।

ওবায়দুল কাদেরের শোক

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Share





Related News

Comments are Closed