Main Menu

মহাকাশে উড়াল দিলেন জেফ বেজোস

প্রযুক্তি ডেস্ক: মর্ত্য থেকে মহাকাশে উড়াল দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস। বাংলাদেশ সময় মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৭টা ১২ মিনিটে টেক্সাসের ভ্যান হর্নের নিকটবর্তী একটি উৎক্ষেপণ স্থল থেকে প্রথমবারের মতো তার রকেটশিপ নিউ শেফার্ড মহাকাশে উড়াল দিয়েছে।

ব্লু অরিজিন কোম্পানির প্রথম মানব ফ্লাইট এটি। রকেটে এই ধনকুবেরের সঙ্গে রয়েছেন তার ভাই মার্ক শেফার্ড, ৮২ বছর বয়সী ওয়ালি ফাংক ও ১৮ বছরের কিশোর অলিভার ডায়েমেন। বিশাল জানালার একটি ক্যাপসুলে করে তারা মহাকাশে যাত্রা করছেন।

এই মহাকাশ যাত্রার স্থায়িত্ব হবে ১০ মিনিট। নিউ শেফার্ড রকেটটি নির্মাণ করেছে বেজোসের কোম্পানি ব্লু অরিজিন। মহাকাশ পর্যটনের বিকশিত বাজারকে মাথায় রেখে এই রকেট উদ্ভাবন করা হয়েছে।

বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোস ২০০০ সালে ব্লু অরিজিন কোম্পানি প্রতিষ্ঠা করেন। গত মাসে তিনি এবং তার ভাই মহাকাশ ভ্রমণের ঘোষণ দেন। সারা জীবন তিনি এমন কিছু চেয়েছিলেন বলে জানিয়েছেন।

ফোর্বস সাময়িকীর তথ্যানুসারে, ১৮ হাজার ৬২০ কোটি মার্কিন ডলারের সম্পদ রয়েছে জেফ বেজোসের। এতে তিনি বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ২০ জুলাই, আমার ভাইকে নিয়ে মহাকাশ ভ্রমণে যাব। আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে এ এক অসাধারণ রোমাঞ্চ হবে।

এর আগে গত সপ্তাহে ভার্জিন গ্যালাকটিক রকেটে সফলভাবে মহাকাশ ঘুরে এসেছেন ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন। মানুষের চন্দ্র জয়ের ৫২তম বার্ষিকীতে জেফ বেজোস মহাকাশে যাচ্ছেন। ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ মহাকাশযানে চড়ে চন্দ্রাভিযানে অংশ নেন নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ও বাজ অলড্রিন। তখন বেজোস ছিলেন মাত্র পাঁচ বছরের এক শিশু।

Share





Related News

Comments are Closed