Main Menu

৩৩৩ নম্বরে মিলবে চাল-ডাল-তেল দুধ…

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের সময়ে দেশজুড়ে মানবিক সহায়তা দিচ্ছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে কোনো অসহায় পরিবার ৩৩৩ নম্বরে ফোন করলেই পাবেন চাল, ডাল, তেল, দুধসহ প্রয়োজনীয় সামগ্রী।

রোববার (৪ জুলাই) সচিবালয়ে আয়োজিত সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, করোনা সংক্রমণ থাকাকালে এমন মানবিক সহায়তা চলমান থাকবে।

তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধি নিষেধের সময়ে মানবিক সহায়তা হিসেবে সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যায়ে নগদ অর্থ ও চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম ও রাজশাহী সিটির প্রতিটিতে ৫০ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। অন্যান্য সিটিতে ২৫ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশের পৌরসভায় ১ লাখ টাকা ১০ মেট্রিক টন চাল, প্রতি জেলায় ৪ থেকে ৫ লাখ টাকা ও ৫০ থেকে ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নের জন্য ৫০ হাজার টাকা করে মোট ২৩ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

এদিকে, আসন্ন ঈদুল আযহায় দেশের এক কোটি ১৭ হাজার ৬৫১ পরিবারকে ১ লাখ ১৭৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, ৩৩৩ নম্বরে ফোন করলেই প্রতিটি অসহায় পরিবারকে দেওয়া হবে চাল ডাল তেল দুধসহ প্রয়োজনীয় সামগ্রী।

এজন্য আলাদা করে জেলা প্রশাসকদের ১৪ হাজার এক’শ টন চাল ও দেড় থেকে আড়াই লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে টেলিফোনে অসহায় পরিবারের তথ্য জানতে পাঁচটি প্রশ্ন করা হবে।

Share





Related News

Comments are Closed