Main Menu

কানাডায় ১৫ ঘণ্টায় ৭ লাখ বজ্রপাত

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ব্রিটিশ কলাম্বিয়া ও অ্যালবার্টা প্রদেশে ১৫ ঘণ্টায় রেকর্ড ৭ লাখ ১০ হাজারের বেশি বজ্রপাত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৩০ জুন) দুপুর ৩টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এসব বজ্রাঘাত হয়।

গত পাঁচ বছরে এ সংখ্যার বার্ষিক গড় ছিল ৮ হাজার ৩০০।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত দুই দিনে কানাডার পশ্চিমাঞ্চলে যে পরিমাণ বজ্রপাত হয়েছে, তা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ গুণ।

বজ্রপাতের জন্য খানিকটা রেকর্ড দাবদাহ পরিস্থিতি দায়ী বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহে দাবানল আর তীব্র বাতাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

এদিকে তীব্র দাবদাহে গত কয়েক দিনে ব্রিটিশ কলাম্বিয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭১৯ জনে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ।

টানা তৃতীয় দিনের মতো গত মঙ্গলবার রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হয় কানাডা। ভ্যানকুভার থেকে ২৫০ কিলোমিটার পূর্বের লাইটনে তাপমাত্রা সেদিন সর্বোচ্চ ১২১ দশমিক ২৮ ডিগ্রি ফারেনহাইট বা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ৮৪ বছরে প্রথম।

কানাডায় প্রতি বছর যে পরিমাণ বজ্রপাত হয়, ব্রিটিশ কলাম্বিয়ায় হয় এর প্রায় পাঁচ শতাংশ।

কিন্তু চলতি সপ্তাহে বজ্রপাতের আধিক্যের সঙ্গে দাবানলেও পুড়ছে ব্রিটিশ কলাম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চল।

প্রদেশটির ১৩৬টি এলাকায় শুক্রবার আগুন জ্বলছিল। আগের দিনই ৬২টি জায়গায় নতুন করে আগুন লেগেছে। তীব্র বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ছে।

দাবানলে প্রাণ গেছে কমপক্ষে ২ জনের; নিখোঁজের সংখ্যা নিশ্চিত নয়। পুড়ে গেছে আড়াই লাখ একর জমি, যা গত বছরের তুলনায় বেশি।

পরিস্থিতির অবনতিতে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার বাড়িঘর খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

গৃহহীন হয়ে পরিবারবিচ্ছিন্ন মানুষদের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে কাজ করছে দাতব্য সংস্থা রেড ক্রস।

Share





Related News

Comments are Closed