Main Menu

দেশে করোনায় আরও ১১৯ মৃত্যু, আক্রান্ত ৫২৬৮

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জনে। এছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ২৬৮ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।

রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬২৮ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।
এর আগে, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। গত ২৫ জুন মারা যান ১০৮ জন। এছাড়া ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মারা যান ১০১ জন করে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৯ জনের মধ্যে ২৪ জন ঢাকার। এছাড়া চট্টগ্রামে ২২, রাজশাহীতে ২২, খুলনায় ৩২, বরিশালে ২, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৪৪ জন নারী। এদের মধ্যে ৪ জন বাসায় মারা গেছেন। ২ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ হাজার ১১৮ জন এবং নারী ৪ হাজার ৫৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩৪, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৯ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন রয়েছেন।

এর আগে শনিবার (২৬ জুন) দেশে করোনায় ৭৭ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৪ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share





Related News

Comments are Closed