Main Menu

সোমবার থেকে দেশে ফাইজারের টিকা কার্যক্রম শুরু

স্বাস্থ্য ডেস্ক: চলমান মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যক্রম। সোমবার (২১ জুন) থেকে এই টিকার কার্যক্রম শুরু হবে।

রোববার (২০ জুন) করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।

এ সময় তিনি বলেন, শুরুতে রাজধানীর ৩টি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। প্রতিটি কেন্দ্রে ১২০ জন করে মানুষকে এই টিকা দেওয়া হবে। যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু এখনও টিকা নিতে আসতে পারেননি, তারা প্রথম টিকা নেবেন।

তিনি আরও বলেন, এরই মধ্যে কোভ্যাক্স থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটি সংরক্ষণ করেছি। টিকা দেওয়ার জন্য গাইডলাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আশা করছি সোমবার (২১ জুন) থেকে ফাইজারের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের এই লাইন ডিরেক্টর বলেন, যারা এখনও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় দ্বিতীয় ডোজ নিতে পারেননি বা অপেক্ষমাণ আছেন, তাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি শিগগিরই আপনারা এই টিকা পেয়ে যাবেন। তবে এখনও অনেক কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম চলছে, তারা সেসব কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে টিকা নিয়ে নিতে পারবেন।

Share





Related News

Comments are Closed