Main Menu

কানাইঘাটে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধে এক প্রতিবন্ধী যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি গ্রামের ১৩১৩ মেইন পিলারের অনুমান ২০০ গজ ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে টিলার উপরে রুহুল আমিন ওরফে কুটি মনাই (২২) নামের ওই যুবককে হত্যা করা হয়। সে সোনাতনপুঞ্জি গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, নিহত রুহুল আমিনের চাচা সমছুল হকের সাথে একই গ্রামের আব্দুল আহাদের পুত্র আব্দুল হান্নানের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে মনাইকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সাংবাদিকদের সমছুল হক জানান, সোমবার সকাল অনুমান ৭টার দিকে বিরোধীয় টিলার উপরে প্রতিবন্ধী রুহুল আমিন কাঠাল সংগ্রহ করতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন তার ভাতিজাতে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি জানান, আর্ত চিৎকার শুনে তার ছেলে ইমরান আহমদ টিলার উপরে গেলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তাকেও মারপিট করে আহত করে।

নিহত রুহুল আমিনের বোন কুলছুমা বেগম ও তার পরিবারের সদস্যদের দাবী, রুহুল রোববার রাতে তার চাচা সমছুল হকের বাড়িতে যায়। সকালবেলা রুহুল আমিনকে গলা কেটে হত্যার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। তাদের দাবী প্রতিবন্ধী রুহুল আমিনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

গ্রামের নব্বই উর্ধ্ব আব্দুল খালিক ও ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ হোসেন জানান, নিহত রুহুল আমিন একজন প্রতিবন্ধী এবং সহজ-সরল প্রকৃতির ছেলে। এই এলাকাতে তার কোন শত্রু নেই। এমন নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।

কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি বলে জানান ওসি।

 

Share





Related News

Comments are Closed