Main Menu

রাজনগরে ট্রাকের ধাক্কায় প্রবাসী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় মো. মবু মিয়া (৩২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কালামুয়া এলাকায় মোটরসাইকেলকে পেছন থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে দুবাই প্রবাসী মোঃ মবু মিয়া (৩২) শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পারিবারিক কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালামুয়া এলাকায় পেছন থেকে আসা কুষ্টিয়াগামী শাহজালাল ফার্টিলাইজার কোম্পানীর সার বোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশকে খবর দিলে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে ট্রাকের চালক, হেলপারসহ নিহতের লাশ এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে, লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে বলে রাজনগর থানা পুলিশ জানায়।

পারিবারিক সূত্র জানায়, নিহত মবু মিয়ার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ দুবাই ছিলেন। মাসখানেক আগে ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন।

রাজনগর থানার ওসি আবুল হাশিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed