Main Menu

শায়েস্তাগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে আতিক মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহীটুলা গ্রামের সোহেল মিয়ার ছেলে।

বুধবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের আওতাধীন রাদগাঁও নামক স্থানে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে পারাবত এক্সপ্রেসের ট্রেনের ছাদে উঠে আতিক মিয়া।

পথিমধ্যে ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনের আওতাধীন রাদগাঁও নামক স্থানে পৌঁছালে ওই যুবক নীচে পড়ে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই হারুনুর রশিদ বলেন, টিকিট ছাড়া ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ছাদে ওঠে ওই যুবক। এ সময় হঠাৎ ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে কাটা পড়ে মারা যায়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed