Main Menu

সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৫১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭৩ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৫১ জনের শরীরে। এছাড়া এসময়ে করোনায় আক্রান্ত আরও ৬৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার (১২ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩৩৯ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৭৯০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৬০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৬০ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৫১ জন করোনা আক্রান্ত রোগীর ৩৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৪ রোগীর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৫৬ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ৮ জন ও একজন হবগিঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ১৩২ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৩৫৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৮২ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮৭৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২২৪ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে একজন রোগী। যিনি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৩৭৩ জন। এর মধ্যে সিলেট জেলার ২৯৮ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৯ জন।

এদিকে সিলেটের চার জেলা মিলে ২০৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ১৯৪ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১১ জন ও ১ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।

Share





Related News

Comments are Closed