Main Menu

সিলেটে ধান ভাগ করা নিয়ে সংঘর্ষে কৃষকের মৃত্যু, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে বোরো খেতের ধান ভাগ-বাটোয়ারা করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। হারুন মিয়া (৫০) নামের ওই ব্যক্তি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বুকে, পিঠে ও মাথায় সুলফির (ধারালো অস্ত্র) আঘাত ছিল।

নিহত হারুন মিয়া উপজেলার পুটামারা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। এর আগে গত বুধবার বিকেলে উপজেলার পুটামারা গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নিহত হারুনের ছোট ভাই বাবুলের স্ত্রী প্রায় ৬ মাস আগে প্রতিবেশী আব্দুন নূরের ছেলে নূর উদ্দিনকে বৈশাখের ধানের জন্য আগাম ১০ হাজার টাকা দেন। কয়েকদিন আগে ক্রয়কৃত সেই ধান আনতে নূর উদ্দিনের বাড়ি যান প্রবাসী বাবুলের স্ত্রী। এ সময় ধানের ভাগ-বাটোয়ারা নিয়ে নূর উদ্দিনের সাথে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত বুধবার বিকেলে হারুন ও নূর উদ্দিনের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাঠিসোঁটা, সুলফিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে হারুন সুলফির আঘাতে গুরুতর আহত হন। আহত লোকজনকে বুধবার সন্ধ্যার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে আহত হারুন মিয়া বৃহস্পতিবার সকালে মারা যান।

স্থানীয় ইউপি সদস্য চেরাগ আলী জানান, বুধবার বিকেলে পুটামারা স্কুলের পশ্চিমের মাঠে ধান শুকাচ্ছিলেন বাবুলের স্ত্রী। এসময় নূর উদ্দিন ও তার সহযোগিরা এসে জোরপূর্বক শুকনো ধান নিয়ে যেতে চাইলে বাধা দেন তিনি। বাবুলের স্ত্রীর চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে আসেন হারুন ও কয়েকজন। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আইন উদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed