Main Menu

সিলেটে লকডাউনে রাতে টিসিবির পণ্য বিক্রি!

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপী লকডাউন। লকডাউনে ঘরের বাইরে বেরুনো নিষেধ থাকলেও সিলেটে রাতের বেলায় পণ্য বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকসেল।

সোমবার রাত ৯টায় সিলেট নগরের বন্দরবাজার এলাকায় ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করতে দেখা যায়। এইসময় ক্রেতাদের দীর্ঘ লাইন ছিল, কাউকেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

এসময় টিসিবির ট্রাকসেল থেকে পণ্য কিনতে ভিড় করেছেন ক্রেতারা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা পণ্য কেনার জন্য অপেক্ষা করতে দেখা যায়। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার যে নির্দেশনা ছিলো সেটিও কেউ মানছেন না।

সিলেট বিভাগের চার জেলায় রমজান মাস উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কার্যক্রম গত ১ এপ্রিল থেকে শুরু হয়। সিলেট বিভাগের চার জেলায় ২৭ টি পয়েন্টে প্রতিদিন ট্রাকসেলে টিসিবি পণ্য তেল, ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ ও খেজুর বিক্রি করা হচ্ছে।

আর সিলেট নগরের ৮টি পয়েন্টে প্রতিদিন ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচেছ। নগরের মদিনা মার্কেট, আলিয়া মাদ্রাসা মাঠ, রিকাবীবাজার, টিলাগড় পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, রেজিস্টারি মাঠ, বাগবাড়ি পিডিবি ও শাহী ইদগাহ টিসিবির ট্রাকসেলে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

লাইনে দাঁড়িয়ে থাকা আবুল হোসেন বলেন, টিসিবির বিক্রেতারা সবাইকে সাহায্য করছেন। এত রাতেও তারা এসব পণ্য বিক্রি করছেন। আমরা নিতে পারছি।

এদিকে, টিসিবির ট্রাকসেলের বিক্রেতার নাম জিজ্ঞেস করলে তিনি তা বলতে রাজি হননি। এত রাতে পণ্য বিক্রির বিষয়ে তিনি বলেন, দিনের বেলাতে নগরের অন্যত্র গিয়েছিলেন পণ্য বিক্রি করতে। সেখানে পণ্য সব বিক্রি করতে পারেননি। যার জন্য রাতের বেলাতে বন্দরবাজারে এসে পণ্য বিক্রি করছেন।

এই ব্যাপারে সিলেট বিভাগের মৌলভীবাজার শেরপুর টিসিবি আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ মো. ইসমাইল মজুমদারকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, এই বিষয়টি আমাদের জানা ছিলো না। আমরা এটি খতিয়ে দেখছি।

 

Share





Related News

Comments are Closed