Main Menu

অন্যের ‘ফিচার’ নকল করায় ফেসবুককে জরিমানা

প্রযুক্তি ডেস্ক: অন্যের ফিচার কপি করে আইনি জটিলতায় পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করতে হবে ৩ দশমিক ৮৩ মিলিয়ন ইউরো। নিয়ারবাই নামক ফিচারটি কপি করায় আগের রায় বহাল রেখে ফেসবুককে দোষী সাব্যস্ত করে এ আদেশ দেন ইতালির মিলানভিত্তিক একটি আপিল আদালত। খবর রয়টার্সের।

আদেশ অনুযায়ী, ইতালির ওই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ বাবদ ৩ দশমিক ৮৩ মিলিয়ন ইউরো (প্রায় ৪ দশমিক ৭০ মিলিয়ন ডলার) পরিশোধ করতে হবে ফেসবুক কর্তৃপক্ষকে।

আদালতে বিচারক জানান, ইতালির ফারাউন্ড অ্যাপ থেকে তাদের নিয়ারবাই ফিচারটি কপি করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। ২০১৯ সালের রায় বহাল রাখা হয় আপিল আদালতের রায়ে। এবং ক্ষতিপূরণের পরিমান বাড়িয়ে তা পরিশোধের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১২ সালে ফারাউন্ড অ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ারবাই নামে একটি ফিচার চালু করে। যার মাধ্যমে কাছাকাছি অবস্থানের ফেসবুক বন্ধুদের খুঁজে পাওয়া যেত। ফলে অ্যাপটি ইতালিতে বেশ জনপ্রিয়তা পায়। এর কয়েক মাস পর নিজস্ব নিয়ারবাই ফিচার চালু করে ফেসবুক। এরপর ফারাউন্ড অ্যাপটির ডাউনলোডে ধস নামে।

এ ঘটনায় ২০১৩ সালে ফেসবুকের বিরুদ্ধে মামলা করে ফারাউন্ড অ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান। এরপর ২০১৬ সালের প্রাথমিক রায় ফেসবুকের বিপক্ষে গেলে ২০১৭ সালে বিষয়টি জনসম্মুখে আসে। অবশ্য এই মামলার রায়ে আপিল করার সময় ইতালিতে নিয়ারবাই ফিচারটি বন্ধ করে দিতে রাজি হয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে ব্যবসায়িক প্রতিযোগিতা গুরুত্ব পায় আদালতে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, তারা আদালতের সিদ্ধান্ত পেয়েছেন এবং সাবধানতার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে বিষয়টি।

Share





Related News

Comments are Closed