যুক্তরাজ্যে অক্সফোর্ডের টিকাদান শুরু
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে শুরু হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রয়োগ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী তিন মাসের মধ্যে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়তে পারে বলে আভাস দেন তিনি। এদিকে, করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় দেশজুড়ে লকডাউন দেয়ার দাবি দেশটির বিরোধী দলের।
নতুন ধরনের করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্য। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। যুক্তরাজ্যে বেড়ে চলা করোনার সংক্রমণ মোকাবিলায় জোরদার করা হচ্ছে টিকাদান কার্যক্রম। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের পর এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি সোমবার (৪ জানুয়ারি) থেকে শুরু করলো দেশটি।
ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৫৩ লাখ ডোজ টিকা প্রস্তুত রাখা হয়েছে। প্রথম ধাপে এই টিকা দেওয়ার জন্য অগ্রাধিকারে কারা থাকবেন তা চিহ্নিত করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য পরিষেবা কর্মী, সামাজিক সেবাকর্মী, প্রবীন নিবাসের বাসিন্দা ও ৮০ বছরের বেশি বয়সী লোকজন প্রথম ধাপে এই টিকা পাবেন।
আগামী তিন মাসে এক কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়তে পারে বলে আভাস দেন তিনি।
এদিকে, ব্রিটেনজুড়ে নতুন ধরনের করোনা সংক্রমণ বাড়তে থাকায় সোমবারের মধ্যে দেশজুড়ে লকডাউন জারির দাবি জানিয়েছেন বিরোধী নেতা কেইর স্টারমার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
কেইর স্টারমার বলেন, ‘কোনো সন্দেহ নেই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতি মোকাবিলা করা প্রধানমন্ত্রীর পক্ষে সত্যিই কঠিন হয়ে পড়েছে। আমরা মনে করি দুই থেকে তিন সপ্তাহ কঠোর বিধিনিষেধ আরোপ করা উচিত। দেরি করলে সমস্যা আরো বাড়বে। সবার আগে ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে হবে।’
ব্রিটেনে গত একদিনে প্রায় ৫৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাড়ে ৪শ’র বেশি মানুষ।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed