নিহত রায়হানের বাড়িতে গেলেন মেয়র আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্তনা দিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তিনি নগরীর আখালিয়া এলাকায় রায়হানের বাসায় যান।
এসময় রায়হানের দুই মাস বয়সী শিশু কন্যাকে কোলে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন মেয়র। এসময় তাকে চোখের জল মুছতে দেখা যায়। এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান মেয়র।
সন্ধ্যায় স্থানীয় কাউন্সিলর মখলিসুর রহমান কামরানকে সাথে নিয়ে মেয়র আরিফ রায়হানের বাসায় গেলে তাকে রোববার ভোর থেকে সকালের ঘটনাগুলোর বর্ণনা দেন রায়হানের চাচা হাবিবুল্লাহ চৌধুরী। এসময় তিনি আবারও পুলিশ ফাঁড়ি থেকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ করেন।
এসময় রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নিও উপস্থিত ছিলেন। মেয়রকে দেখে তারাও কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রসঙ্গত, রোববার ভোরে রায়হান আহমদ (৩৪) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নির্যাতনে মারা যান। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে মারা যান রায়হান। তবে কাষ্টঘর এলাকার সিসিটিভি ফুটেজে গণপিটুনির কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেখান থেকে পুলিশ কাউকে ধরে নিয়ে আসারও প্রমাণ নেই সিসিটিভি ফুটেজে।
এদিকে রায়হানের পরিবারের অভিযোগ বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে খুন হয়েছেন রায়হান। তিনি নগরের আখালিয়া এলাকার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed