Main Menu

সিলেট নগরীতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে এবার ঘরে ঢুকে জোরপূর্বক পাঁচ সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শ্রমিকলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শামীমাবাদ এলাকার ৪নং রোডে এ ঘটনা ঘটে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কতোয়ালী থানার সাব ইন্সপেক্টর (এসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধর্ষণের খবর পেয়ে রোববার রাতেই কোতোয়ালী থানার এসআই কামাল অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেপ্তার করেছেন। তারা হলেন- দিলোয়ার (৪০) ও হারুন মিয়া ওরফে চাক্কু হারুন (৩৫)।

এসআই আরও জানান, শামীমাবাদ এলাকার ওই বাসায় স্বামী ও ৫ সন্তান নিয়ে বসবাস করছেন ওই নারী। রোববার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগীকে নিয়ে ওই নারীর ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনার পর ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ধর্ষণের শিকার নারী বাদী হয়ে সোমবার সকালে সিলেট কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করে। মামলা নাম্বার ৮/৪১১। মামলায় তিনজনের নাম উল্লেখ করে আরও ২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃত দেলোয়ার শ্রমিকলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার মামলার বরাত দিয়ে জানান, গত রোববার সন্ধ্যায় শামীমাবাদ আবাসিক এলাকার ৪নং রোডের পাঁচ সন্তানের এক জননী ধর্ষিত হন। পরে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হন। খবর পেয়ে সাথে সাথে অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগী হারুনকে গ্রেফতার করা হয়েছে।

জ্যোর্তিময় সরকার জানান, মামলায় ওই নারী অভিযোগ করেন দেলোয়ার তাকে ধর্ষন করে এবং আরও তিনজন ধর্ষনে সহযোগিতা করে।

এর আগে সম্প্রতি সিলেট নগরীতে স্বামীকে বেঁধে ছাত্রাবাসে স্ত্রীকে গণধর্ষণ ও বেড়ানোর কথা বলে বাসায় এনে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর এবার পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। আগের দুই ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। আর এবার ধর্ষনের অভিযোগ ওঠেছে শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে।

Share





Related News

Comments are Closed