Main Menu

সিলেটে এক ভারতীয় নাগরিক উদ্ধার, আটক ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে এক ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ওই নাগরিককে অপহরণের দায়ে ৪ বাংলাদেশীকে আটক করা হয়েছে।

রোববার ভোরে নগরীর কলাপাড়াস্থ আম্বিয়ার কলোনীতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের টইল দল ভোর ৫টার দিকে নগরীর শেখঘাট কলাপাড়াস্থ আম্বিয়ার কলোনীতে অভিযান চালায়। এসময় কলোনীর সুজিত বিশ্বাসের ঘর থেকে জৈন্তাপুর উপজেলার কেন্ডি কাঠাল বাড়ী গ্রাামের অর কুমার বিশ্বাসের পুত্র নীল মনি বিশ্বাস (২৫), অতুল দেবনাথের পুত্র দোলন দেবনাথ (২২), একই উপজেলার চানপুর গ্রামের মহানাথ বিশ্বাসের পুত্র সুজিত বিশ্বাস (৩৭) এবং শিকার খাঁ গ্রামের মৃত মন নমের পুত্র নিতাই নমকে আটক করে পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা ভারতের মেঘালয় রাজ্যের শিলং এর লাদ্রিমবাল এলাকার ওয়ানশুক বালাহর পুত্র ওয়ান শিম্পার বিমাকে উদ্ধার করে এবং ৬টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, ভারতীয় ওই নাগরিক বাংলাদেশী নাগরিকের কাছে গরু কেনা বেচার উদ্দেশ্যে জৈন্তাপুরের কেন্ডি গ্রামের মৃত ইসলাম উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন দিলু (৩০) ও একই গ্রামের মৃত টিয়া বিশ্বাসের পুত্র রিপন বিশ্বাসের সাথে কথা বলে তামাবিল স্থলবন্দরের কাটাতার বিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

বাংলাদেশী নাগরিকরা তাকে অপরহণ করে কলাপাড়াস্থ আম্বিয়ার কলোনীতে আটকে রাখে। উদ্ধারকৃত ভারতীয় নাগরিক পুলিশকে বাংলাদেশে প্রবেশের কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানা পুলিশ কন্ট্রোল অব এন্ট্রিএক্টে ৭নং মামলা দায়ের করে। এছাড়া, ভারতীয় নাগরিককে অপহরণ করে আটক রাখায় ৪ বাংলাদেশীর বিরুদ্ধে কতোয়ালী থানায় ৬নং মামলা দায়ের করা হয়েছে। রোববারই তাদের সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed