Main Menu

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেপ্তার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় প্রধান আসামী বাদলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আরেক আসামী দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের গণমাধ্যম শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আরও দুই আসামী আব্দুর রহিম ও রহমতুল্লাহকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ঘটনার ২৫ দিন পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।

কীভাবে এই ঘটনা এতদিন আড়ালে ছিল তা নিয়ে সমালোচনা হচ্ছে স্থানীয় প্রশাসনের। ভিডিও ভাইরালের পর ঘটনা দেশব্যাপী ছড়িয়ে পড়লে হয় মামলাও।

এজহারে উল্লেখ আছে, সেপ্টেম্বরের ২ তারিখ স্বামীকে পাশের ঘরে বেঁধে ৩৭ বছর বয়েসী ওই নারীকে বাড়িতে ঢুকে, সামাজিক অপবাদের দায় দিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বাদল, দেলোয়ার , রহিম ও তাদের সহযোগিতা। বাধা দিলে মারধর করে নারীকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করা হয়।

এসময় ওই নারীকে কাকুতি-মিনতি করতে দেখা যায়। কেবল এখানেই থেমে না থেকে নির্যাতিতা নারীকে এলাকা ছাড়া করতেও বাধ্য করে তারা। পুলিশ পরে ওই নারীকে উদ্ধার করে সেইফ হোমে নিয়েছে।

ভিডিও ভাইরালের পর দেশব্যাপী আলোড়ন তোলা এই ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে শুরু হয়েছে প্রতিবাদ।

রোববার রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নির্যাতিত গৃহবধূ (৩৫) বাদী হয়ে মামলা করেন।

Share





Related News

Comments are Closed