Main Menu

হবিগঞ্জে বাস-জিপগাড়ি সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী লোকাল বাস ও জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের রশিদপুর ৫নং গ্যাস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

নিহতদের একজন দুর্ঘটনা কবলিত জিপগাড়ির চালক শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা এলাকার সঞ্জিত কর্মকার (৩০), অপরজন বাহুবল উপজেলার ফয়েজাবাদ গ্রামের মহেশ রাজঘর (৪০)।

আহতদের মধ্যে ফয়জাবাদ এলাকার আমেনা বেগম (৫০), শিশু তমা (৭), রীমা (৮), তামিম (১২), রুহেনা আক্তার (৪), কুলসুমা আক্তারকে (৪৫) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজনকে বাহুবল সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জমুখী একটি লোকাল বাস এবং বাহুবলের ফয়জাবাদ থেকে লেবুবাহী একটি জিপ শ্রীমঙ্গল আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে জিপ ড্রাইভার সঞ্জিত কর্মকার (৩০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরও ৮ জনকে শ্রীমঙ্গল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে শ্রীমঙ্গলে মহেষ রাজঘর (৪০) নামে একজন মারা যান।

আহতদের মধ্যে ২ বছরের এক শিশুসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান শ্রীমঙ্গল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী। সংঘর্ষের পর বাস চালক পলাতক রয়েছেন।

Share





Related News

Comments are Closed