Main Menu

এমসি কলেজের ছাত্রদের হোস্টেল ছাড়ার নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণের ঘটনার পরপরই সকল ছাত্রকে হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোস্টেল সুপার জামাল উদ্দিন। তিনি জানান, এমসি কলেজের অধ্যক্ষ শনিবার দুপুরে জরুরি বৈঠকের আহ্বান করেছেন। এ বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এদিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইফুরের রুম থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ বাদী হয়ে সাইফুরকে আসামি করে অস্ত্র আইনে এ মামলা দায়ের করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহ পরাণ (রহ.) থানার ওসি শাহপরান আব্দুল কাইয়ুম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে হোস্টেলে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করে। অভিযানে একটি বিদেশি পিস্তল, চারটি রামদা, দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করেছে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। অভিযুক্ত এসব কর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে।

এদিকে তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ ৯জনের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিত ওই তরুণীর স্বামী মাইদুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলো- এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর, শাহ রনি, অর্জুন, মাহফুজ, রবিউল ও তারেক।

Share





Related News

Comments are Closed