Main Menu

মাধবপুরে দূর্ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে পাজেরো জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলও রয়েছেন। এঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থাও গুরুতর।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের সাহেব বাড়ি গেইট নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, ঢাকার তালতলা এলাকার সুমন মিয়ার মেয়ে আখিঁ আক্তার (২০), যশোর জেলার বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের আরিফুল ইসলাম (৩৫)। বাকি ১ জন পুরুষের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, সিলেটগামী একটি পাজেরো জিপ ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিপে থাকা দুই জনের মৃত্যু হয় এবং তিন জন আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। এছাড়া ঘটনাস্থলে নিহত হস ২ জন পুরুষ।

এ ঘটনায় আহত ঢাকার তালতলার বাসিন্দা মাগরিফাত মিম ওরফে নওরিন (২৩) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনাস্থলের দুই পাশে কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া হতাহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে বলে জানান ওসি তৌফিকুল ইসলাম তৌফিক।

যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ জানিয়েছেন, গাড়িটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজলসহ চারজন ছিলেন। দুর্ঘটনার পর তার মোবাইল ফোনটিও পাওয়া গেছে।

Share





Related News

Comments are Closed