Main Menu

সিলেটের ১৩ ইউএনও পেলেন নিরাপত্তা প্রহরী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ১৩ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাদের বাসা ও কার্যালয়ে প্রথম ধাপে ৪ জন করে আনসার নিয়োজিত করা হয়।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শুক্রবার থেকেই সিলেটের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য মোতায়েন শুরু করা হয়। আজ শনিবার সকল জায়গায় এটি সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে অফিস ও বাসার জন্য ৪ জন আনসার দায়িত্ব পালন করবেন।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ৪ জন আনসার পাওয়ার কথা নিশ্চিত করেন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী আমার নাজমুস সাকিব তার কার্যালয়ে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার সরকারি বাসভবনে ৪জন অস্ত্রধারী আনসার মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে তাদেরকে নিয়োগ দেয়া হয়।

ইউএনও বর্ণালী পাল জানান, আপাতত ৪জন আনসার আমার বাসভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাদের সদস্যের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে, শুক্রবার সকাল থেকে বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তার জন্য ৪জন নিরস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এতে ব্যক্তিগত ও পরিবার-পরিজনের নিরাপত্তা নিয়ে শংকিত ইউএনও মৌসুমী মাহবুব।

ইউএনও মৌসুমী মাহবুব তার বাসভবনসহ উপজেলা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এ দাবি জানান। এসময় তিনি ঘোড়াঘাট উপজেলার ইউএনও’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন।

গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্সের সামনে আনসার সদস্যরা

এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান, বিয়ানীবাজারের ইউএনও অফিস ও সরকারি বাসার নিরাপত্তার জন্য ৪জন নিরস্ত্র আনসার সদস্য মোতায়েন রয়েছে। শুক্রবার সকাল থেকেই তারা যথারীতি দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ইতোমধ্যে আমি অফিসিয়ালি অস্ত্র গ্রহণ করেছি। রোববার সকাল থেকেই ইউএনও কার্যালয় ও অফিসের নিরাপত্তা ব্যবস্থায় ১০জন সশস্ত্র আনসার মোতায়েন করা হবে।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদার সরকারি বাসায় ঢুকে ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এরপর থেকে দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠে। এ লক্ষ্যে সিলেটের ১৩ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়।

Share





Related News

Comments are Closed