চট্টগ্রামে মা-ছেলে ও বি-বাড়িয়ায় ভাই-বোন খুন
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকার একটি বাসায় মা-ছেলে খুন হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাতে চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকার একটি সেমিপাকা ঘর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাক বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- গুলনাহার বেগম (৩৫) এবং তার ছেলে মো. রিফাত (৮)। গুলনাহার বেগম বিভিন্ন বাসা-বাড়িতে রান্নার কাজ করতেন।
পুলিশের ভাষ্য, গুলনাহার বেগমের পেটে ছুরিকাঘাতের এবং ছেলে রিফাতের গলায় ভোতা কিছু দিয়ে আঘাত করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা বিজয় বসাক জানান, দুই কক্ষের ওই বাসায় গুলনাহার বেগম ছেলে রিফাত এবং গার্মেন্টে চাকরিজীবী মেয়ে ময়ূরীকে নিয়ে ভাড়া থাকতেন।
সন্ধ্যার পর ময়ুরী কাজ থেকে বাসায় ফিরে তার মায়ের লাশ ঘরের বাথরুমে এবং ভাইয়ের লাশ রান্নাঘরে দেখতে পান। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুইজনের লাশ উদ্ধার করে।
বিজয় বসাক বলেন, “এটি হত্যাকাণ্ড নিশ্চিত। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ওই ঘরে ফারুক নামে এক তরকারি বিক্রেতা পেয়িং গেস্ট হিসেবে থাকত। লাশ উদ্ধারের পর থেকে তাকেও পাওয়া যাচ্ছে না।”

এদিকে, একইদিন রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামে খাটের নিচ থেকে দুই ভাই-বোনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিপা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০) ওই গ্রামের সৌদিফেরত কামাল মিয়ার সন্তান। শিপা বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং কামরুল সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, সোমবার বিকাল থেকে ছেলে কামরুল হাসানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়ে শিপাকে রান্নাঘরে রেখে ছেলের সন্ধানে যান। পরে ছেলের সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে এসে দেখেন মেয়েও নিখোঁজ। পরে ঘরের মধ্যে তাদের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তিনি জ্ঞান হারান।
খবর পেয়ে পুলিশ এসে রাত দশটার দিকে তাদের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতদের মামা বাদল পলাতক রয়েছেন। কেন মামা পলাতক এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed