Main Menu

ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছনার শিকার দুই নারী

বৈশাখী নিউজ ডেস্ক: গরু চুরির অভিযোগ তুলে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের একটি গ্রামে মা ও মেয়েকে রশি দিয়ে বেঁধে এলাকায় ঘোরানো হয়েছে। এমন একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত শুক্রবার দুপুরে সংগঠিত এই ঘটনাটির ভিডিও ও ছবি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কোমরে রশি বেঁধে দুই নারীকে প্রকাশ্য সড়কে ঘোরানো হচ্ছে। একপর্যায়ে তাদের হারবাং ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওই দুই নারী সম্পর্কে মা ও মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারবাং ইউপি থেকে হারবাং ফাঁড়ির পুলিশ গিয়ে মা ও মেয়েকে নিয়ে যায়। সঙ্গে আরও তিনজনকে। পরে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২২ আগস্ট শনিবার গরুর মালিক মাহবুবুল হক বাদী হয়ে গরু চুরির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে আনার পর হারবাং ইউনিয়ন পরিষদে স্থানীয় চেয়ারম্যান মিরানুল ইসলাম তাদের আবার মারধর করেন। একপর্যায়ে ওই দুই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের পুলিশের হাতে তুলে দেন চেয়ারম্যান।

এ প্রসঙ্গে ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরানুল ইসলামের সঙ্গে মোবাইলে (০১৮১২৩৬৮***)যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, শুক্রবার স্থানীয় লোকজন ফাঁড়ি পুলিশকে খবরটি দেন। এরপর মা-মেয়েকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তি গরু চুরির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করলে শনিবার তাদের জেলহাজতে পাঠানো হয়।

Share





Related News

Comments are Closed