Main Menu

রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্কের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ‘রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক এন্ড রিসোর্ট’র উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেব বাজার এলাকার পাঠানগাঁওয়ে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, আমাদের দেশে পানি ও মানুষ দুটো সম্পদ। এই দুটি সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আমাদের বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তাই দেশের মানুষের যাতে কর্মসংস্থানের অভাব না হয় সেভাবে দেশকে গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন ‘রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক এন্ড রিসোর্ট’ এমন একটি কর্মসংস্থানের ক্ষেত্র। এখানে আমার এলাকার বহু লোক কাজ করতে পারবেন। এটি অত্যন্ত খুশির বিষয়।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, সিলেট সিটি কর্পোরেশন ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, মহানগর যুবলীগের আহবায়ক আলম খাঁন মুক্তি ও সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ প্রমুখ।

একইদিন দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার বাইশটিলাস্থ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

২০২০-২১ সালের অর্থবছরের রাজস্ব বাজেটের অর্থায়নে ও সিলেট সদর উপজেলার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়িত হয়।

অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড হোক সেটা আমরা চাই না। আমরা চাই বিচারের মাধ্যমে তার শাস্তি হোক। তবে মাঝে মধ্যে এক দুইটি দুর্ঘটনা ঘটে যায়। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।

শাহেদ, সাবরিনার মতো অপরাধীদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে যখনই অন্যায়-দুর্নীতি হয় তখনই সরকার সরকার শক্ত হাতে দমন করে। বিশ্বের বিভিন্ন দেশেও দুর্নীতি হয়। তবে সে দেশের সরকার ও আইনশৃঙ্খলাবাহিনী তা কঠোরভাবে দমন করেন।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, সিলেট সিটি কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা মহিলা ভাই চেয়ারম্যান শামীমা আক্তার, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহানগর যুবলীগের আহবায়ক আলম খাঁন মুক্তি ও সদর উপজেলা যুবলীগ নেতা মো.ইকলাল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী দুপুর ১টায় সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে এবং সেখান থেকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

Share





Related News

Comments are Closed