সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের অনুষ্ঠান বাংলাদেশ ও ভারত একসাথে উদযাপন করবে বলে জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি উন্মোচনের পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের পরিকল্পনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি উন্মোচনের পরে তাতে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেন মন্ত্রী। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
তিনি বলেন, খুবই খুশির খবর যে- ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশে সফরে এসেছেন। তাঁর সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে।
তিনি আরও বলেন, ভারতে করোনার ভ্যাকসিন তৈরির সম্ভাবনা রয়েছে। সে ভ্যাকসিন আমরা কীভাবে পাবো সে বিষেয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলাপ হবে।তবে আমরা অন্যান্য দেশ থেকেও কোভিডের ভ্যাকসিনের ব্যবস্থা করার চেষ্টা চালাবো।
ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে মন্ত্রী আরও বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশি। তাদের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক। বাংলাদেশের স্বাধীনতায় তারাও রক্ত দিয়েছে। সুতরাং আমরা দুই দেশ মিলে অনেক প্রোগ্রাম একসঙ্গে করি। আমরা দুদেশের মধ্যে ভালো সম্পর্ক রাখতে চাই। সমস্যা আসলে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে।
করোনা সংকটে খুব বেশি বাধ্য না হলে প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, করোনার কারনে বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। তবে আপদকালীন সময় চলে যাবে। তখন প্রবাসীদের অবস্থা এতো খারাপ থাকবে না। ভিসার মেয়াদ নিয়ে তাদের চিন্তার কোন কারণ নেই। বিনা খরচে ভিসা অটোমেটিক রিনিউ হবে।
প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সিলেট আদালতের জিপি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল খালিক, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।
প্রতিকৃতিটির স্থাপত্য নকশা করেন স্থপতি শুভজিৎ চৌধুরী ও প্রতিকৃতি নকশায় ছিলেন শেখ নাঈম দীপু।
উল্লেখ্য, তিনদিনের সফরে মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। আজ বুধবার ও বৃহস্পতিবার সিলেটে কয়েকটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জানা গেছে, আজ বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনে ‘আগামীর সিলেট’ প্রকল্প সংক্রান্ত আলোচনাসভায় যোগ দেবেন মন্ত্রী। বিকেল ৫টায় হাফিজ কমপ্লেক্সে রয়েছে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল, সেখানেও উপস্থিত থাকবেন ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী সকাল ১০টায় সিলেটের রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক এবং রিসোর্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান অতিথি হিসেবে। পরে বেলা ১১টায় সিলেট সদর উপজেলার বাইশটিলাস্থ জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন মন্ত্রী। দুপুর ১২টায় সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে এবং সেখান থেকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed