Main Menu

সেকেন্ডেই করোনার রিপোর্ট মেলে যে হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের একটি হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পেতে কোনো দীর্ঘসূত্রিতা হচ্ছে না। বরং কেউ করোনাভাইরাসে আক্রান্ত কি-না তা জানা যাচ্ছে মুহূর্তেই।

শেবা মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালটি করোনা টেস্টের এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছে, যাতে রিপোর্ট পাওয়া যায় এক সেকেন্ডের কম সময়ের মধ্যে! খবর মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক সেকেন্ডের কম সময়ে করোনা ফল দেওয়া এই পদ্ধতি বেশ সহজ। প্রথমে সন্দেহভাজন রোগীর মুখে স্যালাইন পানি ঢেলে দেওয়া হয়। এরপর সেই পানি রাখা হয় বোতলে। আলোক রশ্মির একটি ডিভাইস দিয়ে নমুনা বিশ্লেষণ করা হয়। এরপর এলগারিদমের মাধ্যমে মুহূর্তেই জানিয়ে দেওয়া হয়, কেউ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত কি-না।

এ বিষয়ে শেবা মেডিকেল সেন্টার জানিয়েছে, প্রাথমিকভাবে এই নিয়মে কয়েকশ জনের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। নতুন এই প্রযুক্তিতে টেস্টের ফলাফলে যথার্থতার হার ৯৫ শতাংশ পাওয়া গেছে বলে জানিয়েছেন হাসপাতালটির মুখপাত্র এলি শাওয়ার্টস।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তের এই পরীক্ষা এখনো দেশটির সরকার অনুমোদন দেয়নি। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed